অর্থনীতি
অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে : এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, ২০২৬–২৭ অর্থবছর থেকে আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্ন দাখিলও অনলাইনে বাধ্যতামূলক করা হবে।
বুধবার (৭ জানুয়ারি) ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতাদের যেসব জটিলতা ও হয়রানি ছিল, তা কমাতে ইতোমধ্যে প্রয়োজনীয় পরিপত্র জারি করা হয়েছে। যেসব সার্কেল এখনো অনলাইনে এন্ট্রি দেয়নি, সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি, যেসব করদাতা কাগজে (পেপার) ভ্যাট রিটার্ন দাখিল করেছেন, তাদের রিটার্ন এনবিআরের পক্ষ থেকে অনলাইনে এন্ট্রি দেওয়া হবে।
তিনি আরও জানান, এনবিআরের সব কার্যক্রম ধাপে ধাপে পুরোপুরি ডিজিটাল করা হবে। প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে প্রয়োজনে আইন সংশোধনও করা হবে। মূল লক্ষ্য হলো করদাতাদের হয়রানি কমানো এবং সেবার মান বৃদ্ধি করা।
অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল বাস্তবায়নের ফলে করদাতাদের রিফান্ড আবেদন স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা সম্ভব হবে উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে রিফান্ডের জন্য করদাতাদের ভ্যাট অফিসে সরাসরি আসার প্রয়োজন হবে না। অনলাইনের মাধ্যমেই আবেদন দাখিল ও অর্থ ফেরত পাওয়া যাবে।
এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য বা সহযোগিতার জন্য করদাতাদের সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেন এনবিআর চেয়ারম্যান।