অর্থনীতি
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম টানা তিন দফায় কমেছে, যার মোট হ্রাস পেয়েছে ৮ হাজার ১৬৫ টাকা।
সর্বশেষ শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই দাম কমানোর ঘোষণা দিয়েছে। এতে প্রতি ভরি স্বর্ণের দাম আরও ২ হাজার ৬৮৩ টাকা কমেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে এর আগে, সবশেষ গত ১৩ মার্চ সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০ টা থেকেই।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১৭ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
এবার রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম কমে হয়েছে ৬ হাজার ৬৫ টাকা, যা ২৯২ টাকা হ্রাস। এছাড়া:
২১ ক্যারেট – ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট – ৪ হাজার ৯৫৭ টাকা, সনাতন পদ্ধতি – ৩ হাজার ৭৩২ টাকা
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ২৭ দফা সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৬ দফা বৃদ্ধি এবং ১১ দফা হ্রাস। ২০২৫ সালে দেশের বাজারে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ১০ বার দাম বেড়েছিল এবং মাত্র ৩ বার কমানো হয়েছিল।