অর্থনীতি
হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে নবীন ফ্যাশনের মগবাজার ছাড়া বাকি শাখাগুলো চালু
বিতর্ক ও অনিশ্চয়তার মধ্যেই আবারও ব্যবসায়িক কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে নবীন ফ্যাশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাজধানীর মগবাজার শাখা বন্ধ থাকলেও দেশের অন্যান্য শাখাগুলো পুনরায় চালু রেখে ঈদ-পরবর্তী বিশেষ আয়োজন শুরু করা হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে নবীন ফ্যাশন এ তথ্য নিশ্চিত করে। সেখানে বলা হয়, ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ায় এবারের ঈদ আয়োজন ১৫ দিনব্যাপী চলবে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে মগবাজার ছাড়া বাকি শাখাগুলো চালু রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি আকর্ষণীয় অফারসহ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক চীন থেকে ফেসবুক লাইভে যুক্ত হয়ে ঈদ উপলক্ষে বিশেষ বার্তা দেবেন বলেও জানানো হয়।

এদিকে, সাম্প্রতিক ঘটনার পর নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন দেশ ছেড়েছেন। ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি জানান, বিরূপ পরিস্থিতির কারণে তিনি আপাতত দেশের বাইরে যাচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরার আশা প্রকাশ করেন।
এর আগে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনামুল হাসান বলেন, গ্রাহকদের কাছে স্বল্পমূল্যে পণ্য পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। তবে এ কারণে যদি বাধার মুখে পড়তে হয়, তাহলে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।
উল্লেখ্য, গত ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কম দামে পণ্য বিক্রির অভিযোগে স্থানীয় কিছু ব্যবসায়ী মগবাজারে নবীন ফ্যাশনের একটি শাখা বন্ধ করে দেন। ঘটনাটি ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।