অর্থনীতি

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, পিপাসায় ৪৯ জনের মর্মান্তিক মৃত্যু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:০০ পিএম

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, পিপাসায় ৪৯ জনের মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

নাইজারের সাহারা মরুভূমিতে একটি ট্রাক বিকল হয়ে পড়ার পর পানির অভাবে ৪৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর।

আগাদেজ গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়, মুসলমানদের একটি ধর্মীয় উৎসবে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন এসব যাত্রী। পথে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে গেলে তারা মরুভূমির একটি দুর্গম এলাকায় আটকা পড়েন।

প্রশাসন জানায়, যাত্রীদের কাছে থাকা পানি একসময় শেষ হয়ে যায়। পরে আসামাকা শহর থেকে ৮০ কিলোমিটারেরও বেশি পশ্চিমে অবস্থিত প্রত্যন্ত এলাকায় তীব্র তাপদাহ ও পানির সংকটে ৪৯ জনের মৃত্যু হয়। আসামাকা নাইজার ও আলজেরিয়ার মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত সংযোগস্থল এবং এটি মালির সীমান্তের কাছেও অবস্থিত।

বিবৃতিতে আরও বলা হয়, ট্রাকচালক, তার সহকারী এবং যাত্রীরা গাড়িটি মেরামতের চেষ্টা করেছিলেন। কিন্তু দীর্ঘ চেষ্টা সত্ত্বেও ট্রাকটি সচল করা সম্ভব হয়নি। ফলে কঠোর আবহাওয়া ও পানির অভাবে তারা চরম মানবিক সংকটে পড়েন।

তবে যাত্রীদের মধ্যে দুজন প্রায় ৫০ কিলোমিটারের বেশি পথ হেঁটে একটি পানির উৎসে পৌঁছাতে সক্ষম হন। পরে তারা আসামাকায় গিয়ে কর্তৃপক্ষকে ঘটনাটি জানান। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও অধিকাংশ যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের গণকবরে দাফন করা হয়েছে। সূত্র: ফ্রান্স২৪