অর্থনীতি

স্বর্ণের দামে পতন, ভরিতে কমেছে ৬,৫৯১ টাকা 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৩:৩২ পিএম

স্বর্ণের দামে পতন, ভরিতে কমেছে ৬,৫৯১ টাকা 
ছবিঃ সংগৃহীত

তেজাবি স্বর্ণ-রূপার দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে আবারও স্বর্ণ ও রূপার দাম কমানো হয়েছে।

আজ বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

এদিন সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩৩ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৬ জুন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

২১ ক্যারেটের দাম ৫ হাজার ২৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে রূপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রূপার দাম ২৯১ টাকা কমিয়ে ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের রূপা ২৩৩ টাকা কমিয়ে ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।