অর্থনীতি
সর্বকালের সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ডলারে বিটকয়েন
বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে এর দাম পৌঁছেছে ১ লাখ ২৫ হাজার ২৪৫.৫৭ ডলার– যা এ পর্যন্ত সর্বোচ্চ।
জিএমটি সময় অনুসারে সকাল ৫টা ১২ মিনিটে বিটকয়েনের দাম প্রায় ২.৭ শতাংশ বেড়ে এ উচ্চতায় পৌঁছায়।
এর আগে চলতি বছরের আগস্টের মাঝামাঝি সময়ে বিটকয়েনের দাম এক লাখ ২৪ হাজার ৪৮০ ডলার ছুঁয়েছিল। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুকূল নীতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ এই উত্থানে ভূমিকা রাখে বলে জানিয়েছে রয়টার্স।
সম্প্রতি টানা আট দিন ধরে বিটকয়েনের দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সাম্প্রতিক লাভ এবং বিটকয়েনভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ETF)–এর বিনিয়োগ প্রবাহ এই বৃদ্ধি ত্বরান্বিত করেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে সম্ভাব্য শাটডাউন সংকট বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাবে মার্কিন ডলারের দরপতন ঘটেছে এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক— যেমন কর্মসংস্থান ও বেতনের পরিসংখ্যান প্রকাশ বিলম্বিত হচ্ছে। এই অনিশ্চয় পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের দ্বিধা দেখা দিয়েছে, যা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখছে বলে বিশ্লেষকরা মনে করছেন।