অর্থনীতি

দোকানপাট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত, নতুন সময়সূচি ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম

দোকানপাট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত, নতুন সময়সূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

দেশের মার্কেট, দোকানপাট ও শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, এখন থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে।

সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার থেকেই নতুন এই সময়সূচি কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের সুবিধার্থে শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে ঈদ শেষে পুনরায় সন্ধ্যা ৭টার মধ্যে সব বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

নতুন এই সিদ্ধান্তে ব্যবসায়ী ও ক্রেতা উভয় পক্ষই সুবিধা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।