শিক্ষা
‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করল জাতীয় বিশ্ববিদ্যালয়
জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা তরুণদের স্বীকৃতি হিসেবে প্রতিবছর ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (১ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হাতে এই বৃত্তির চেক তুলে দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদাসম্পন্ন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে। এ বছর ৭২৫টি প্রতিষ্ঠানের ২ হাজার ৪০ শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হবে।
দেশের প্রায় সোয়া দুই হাজার কলেজ এবং ৪০ লাখ শিক্ষার্থীর অভিভাবক প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়। জুলাই অভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থী নিহত হয়েছেন।
প্রধান উপদেষ্টার হাত থেকে বৃত্তি নেওয়া তিন শিক্ষার্থী হলেন- সিদ্ধেশ্বরী গার্লস কলেজের হাবীবা আক্তার, তেজগাঁও কলেজের এস এম আবু তালেব ও ঢাকা কমার্স কলেজের খন্দকার মাহমুদুল হাসান।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার বলেন, এক বছর আগে বাংলাদেশের তরুণরা দেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছিল। সেই ঐতিহাসিক অভ্যুত্থানের ফলে আমরা, সমগ্র জাতি অধিকারবঞ্চিত প্রজা থেকে নতুন করে অধিকারভোগী নাগরিকে পরিণত হতে পেরেছি।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রকে এক ব্যক্তিকেন্দ্রিক, জনবিচ্ছিন্ন ও দমনমূলক প্রতিষ্ঠান থেকে পরিবর্তন করে জনগণের মঙ্গলের জন্য তাদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত এক সংবেদনশীল ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের গুরু দায়িত্ব বর্তমান সরকারের কাঁধে এসে পড়েছে।
“আমাদের এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে পুনর্গঠন করতে হবে, যাতে ভবিষ্যতে স্বৈরাচার আর কখনও এ দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তাই জুলাই গণঅভ্যুত্থান পালনের এই দিনে আমরা সেই জাতীয় প্রত্যাশাকে সম্মানের সঙ্গে স্মরণ করি।”
তিনি বলেন, “সীমিত সময়ের মধ্যেও এই সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সকল স্তরের মানুষ—শিশু থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত—জ্ঞান, ন্যায় ও নৈতিকতার চর্চায় অংশ নিতে পারে।”
বৃত্তি প্রদান অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ. এস. এম. আমানউল্লাহ, উপ-উপাচার্য মো. লুৎফর রহমান ও কোষাধ্যক্ষ এ. টি. এম. জাফরুল আযমও উপস্থিত ছিলেন।