শিক্ষা

এসএসসি পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী, ছাত্রই বেশি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৯ পিএম

এসএসসি পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী, ছাত্রই বেশি
প্রতীকী ছবি

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কিন্তু এ বছরের ফলাফলে দেখা গেছে, ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী পাস করতে পারেনি। এই বিশাল সংখ্যার মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় আন্তঃশিক্ষা বোর্ড এই ফলাফল প্রকাশ করে।

প্রতিবছরের মতো এবারও ফল ঘোষণাকে ঘিরে কোনো বড় আয়োজন বা অনুষ্ঠান হয়নি। তবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির উপস্থিত ছিলেন।

press_brief_Dhakaprokash.jpg

তিনি জানান, এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। কিন্তু এই সংখ্যাটাও আশানুরূপ নয়, কারণ গত বছরের তুলনায় ৪২ হাজার ১২৭ জন কম জিপিএ-৫ পেয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র ছিল ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন।

যেভাবে জানা যাচ্ছে এসএসসি পরীক্ষার ফল:

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে নির্দিষ্ট তথ্য দিয়ে ফল দেখা যাবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।