শিক্ষা

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু শুক্রবার, যেভাবে করবেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৫:১১ পিএম

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু শুক্রবার, যেভাবে করবেন
ফাইল ছবি

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১০ জুলাই)। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা আগের বছরের তুলনায় প্রায় ১৪.৫৯ শতাংশ কম। ২০২৪ সালে এই হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে প্রকাশিত ফলাফলের বিস্তারিত তুলে ধরেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

ফল নিয়ে কেউ যদি অসন্তুষ্ট থাকেন, তাহলে তাদের জন্য রয়েছে পুনঃনিরীক্ষার সুযোগ। ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১১ জুলাই), চলবে ১৭ জুলাই পর্যন্ত।

টেলিটক মোবাইল অপারেটর ইতোমধ্যে এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে, শুধু টেলিটক নম্বর ব্যবহার করে এই আবেদন করা যাবে। প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত ফি কেটে নেওয়া হবে মোবাইল ব্যালেন্স থেকে। আবেদন প্রক্রিয়া হবে মোবাইল এসএমএস-এর মাধ্যমে।

যে শিক্ষার্থীরা মনে করছেন তাদের কোনো বিষয়ে প্রাপ্ত নম্বর সঠিকভাবে মূল্যায়ন হয়নি, তারা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে:

কেবল টেলিটকের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। এর জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে, স্পেস দিয়ে যে বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান তার বিষয় কোড লিখতে হবে।

যদি একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়কোড লিখে তা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি পত্রের জন্য আবেদন ফি হবে ১৫০ টাকা।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ মে। ১৫ থেকে ২২ মে মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন।