শিক্ষা

শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও কর্মচারীদের মাউশির জরুরি নির্দেশনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৮:৫৩ পিএম

শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও কর্মচারীদের মাউশির জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতি-সদস্যদের সরাসরি মন্ত্রণালয়ে আবেদন না করার কঠোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (১০ জুলাই) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কোনো কর্মকর্তা-কর্মচারী, প্রধান শিক্ষক, অধ্যক্ষ, শিক্ষক/শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের কোনো আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল না করে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো যাবে না। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ৩০ জুন একটি নির্দেশনা জারি করা হয়েছিল।

এ নির্দেশনার আলোকে মাউশির অধীনস্থ সব প্রধান শিক্ষক, অধ্যক্ষ, আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ২১ মে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত আরেকটি পরিপত্রে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন কর্মকর্তাসহ অনেক শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির সদস্যরা বিধিবহির্ভূতভাবে ব্যক্তিগত অভিযোগ, এমপিও আবেদনসহ বিভিন্ন বিষয়ে সরাসরি মন্ত্রণালয়ে আবেদন করে থাকেন। এতে মন্ত্রণালয়ের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিধিগতভাবে এসব আবেদন গ্রহণযোগ্য নয় এবং সেগুলোর প্রেক্ষিতে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়।