শিক্ষা

ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে অনুমোদন, ফল মঙ্গলবার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৯:১২ পিএম

ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে অনুমোদন, ফল মঙ্গলবার
ছবি: সংগৃহীত

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা অনুমোদন করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

আজ সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যার দিকে মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া এর ফল আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) প্রকাশ করা হবে বলে জানা গেছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম ও অতিরিক্ত সচিব মিজানুর রহমান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশের অনুমোদন চেয়েছেন।

উপদেষ্টা ৬টার পর ফাইল অনুমোদন করেছেন। আগামীকাল ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ হওয়ার সম্ভাবনা রয়েছে।’
এর আগে গতকাল রবিবার পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে ৪১ হাজারের অধিক শিক্ষককে নিয়োগ সুপারিশ করতে অনুমতি চায় এনটিআরসিএ। 

সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম নিজেই আবেদন নিয়ে সচিবালয়ে আসেন।

একই দিন শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) আবেদনে অনুমোদন দিয়ে ফাইল উপদেষ্টার দপ্তরে পাঠান। উপদেষ্টার অনুমোদন মেলায় এখন নিয়োগের সুপারিশ করবে এনটিআরসিএ।