শিক্ষা

এইচএসসির ফল প্রকাশের সময় জানালো বোর্ড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

এইচএসসির ফল প্রকাশের সময় জানালো বোর্ড
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষা বোর্ড জানিয়েছে, ফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়নের কাজ পুরোপুরি শেষ করতে হবে। সেই কাজ এখনো চলমান রয়েছে। তাই নির্দিষ্ট তারিখ এখনই বলা যাচ্ছে না।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির গণমাধ্যমকে জানান, উত্তরপত্র যাচাই-বাছাই চলছে, কাজ শেষ হলে পরবর্তী ধাপে ফল প্রকাশ করা হবে।

অন্যদিকে, ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, এবার উত্তরপত্র মূল্যায়নের সময় কিছুটা বাড়ানো হয়েছে। আগের মতো ১৫ দিনের মধ্যে নয়, এখন অনেক বিষয়ে শিক্ষকদের ২০ দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে মূল্যায়নের জন্য। ফলে ফল প্রকাশে কিছুটা সময় লাগলেও তিনি আশা করছেন, অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ সম্ভব হবে।

উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন থেকে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার প্রায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল প্রায় ছয় লাখ ১৮ হাজার এবং ছাত্রী ছিল ছয় লাখ ৩৩ হাজারেরও বেশি। সারা দেশের মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।