শিক্ষা

শিক্ষকদের বাড়ি ভাড়া শতাংশ হারে দেওয়ার প্রস্তাব যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পিএম

শিক্ষকদের বাড়ি ভাড়া শতাংশ হারে দেওয়ার প্রস্তাব যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ে
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৫ অক্টোবর (রোববার) এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রস্তাবনায় ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া দেওয়ার বিকল্প রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয় কোন হারটি অনুমোদন করবে, তার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, "আমরা চারটি বিকল্পসহ প্রস্তাব তৈরি করেছি। শিক্ষা উপদেষ্টা তাতে অনুমোদন দিয়েছেন। এখন অর্থ মন্ত্রণালয় যেটি বেছে নেবে, শিক্ষক-কর্মচারীরা সেই হারেই বাড়ি ভাড়া পাবেন।"

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া দাবি করে আসছেন। তারা ইতিমধ্যে আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করেছেন। জানিয়েছেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনে যাবেন।

গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত একটি মহাসমাবেশে “এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট” শিক্ষকদের বাড়ি ভাড়া ২০ শতাংশ নির্ধারণের প্রস্তাব শিক্ষা উপদেষ্টার কাছে পেশ করে। সে অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় সারসংক্ষেপ তৈরি করে তথ্য সংগ্রহ করে দুই অধিদপ্তর—মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করে।

দুটি বিভাগের পক্ষ থেকেই পৃথকভাবে প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছে।