শিক্ষা

গুগল ও ইউটিউবের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১১:২৭ এএম

গুগল ও ইউটিউবের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিল
ছবি: সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া এবং কমিউনিকেশন (জেএমসি) বিভাগের একটি প্রতিনিধিদল প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার উদ্দেশ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) সিঙ্গাপুরে অবস্থিত গুগল এশিয়া প্যাসিফিক সদর দপ্তরে গুগল ও ইউটিউবের সঙ্গে পৃথক দুটি বৈঠকে অংশগ্রহণ করেছে।

প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় গুগল নিউজ ইনিশিয়েটিভ (জিএনআই) টিমের সঙ্গে। এতে উপস্থিত ছিলেন গুগল নিউজ পার্টনারশিপ প্রকল্পের প্রতিনিধি আদিল ফারহান, জেএমসি বিভাগের প্রধান ড. আফতাব হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান। বৈঠকে সেমিনার, ইন্টার্নশিপ এবং মাস্টারক্লাস আয়োজনের সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেএমসি প্রতিনিধিদল উল্লেখ করেন, তাদের বিভাগ ইতিমধ্যেই পাঠ্যসূচিতে গুগলের সুনির্দিষ্ট এআই টুলস ও ডিজিটাল সাংবাদিকতা সংক্রান্ত রিসোর্স যুক্ত করেছে, যাতে শিক্ষার্থীরা দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যম পরিবেশে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হয়। এ প্রসঙ্গে বিভাগের প্রধান ড. আফতাব হোসেন বলেন, “গণমাধ্যম ও প্রযুক্তির এই সন্ধিক্ষণে গুগল নিউজ ইনিশিয়েটিভের সঙ্গে আমাদের সহযোগিতা শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। কোর্সে এআই টুলের অন্তর্ভুক্তি প্রমাণ করে যে আমরা শিক্ষার্থীদের ভবিষ্যতের সাংবাদিকতার জন্য প্রস্তুত করছি।”

এরপর জেএমসি প্রতিনিধিদল ইউটিউবের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন। বৈঠকে গুগল এশিয়া প্যাসিফিক সদর দপ্তরের ইউটিউব স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিভাগের প্রতিনিধি আবু সালেহ উপস্থিত ছিলেন। উভয় পক্ষ তরুণ কনটেন্ট নির্মাতাদের জন্য ইনকিউবেশন প্রোগ্রাম, কমিউনিটি গাইডলাইনস এবং ডিজিটাল সুরক্ষা সংক্রান্ত রিসোর্স মাঠ পর্যায়ে পৌঁছে দিতে যৌথ উদ্যোগ গ্রহণে ঐকমত্য প্রকাশ করে।

গুগলের অংশীদারিত্ব নিয়ে আদিল ফারহান বলেন, “বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক সাংবাদিকতায় তথ্য যাচাই ও এআই টুলস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে ড্যাফোডিল ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগ একটি ইতিবাচক প্রভাব ফেলবে।”

উল্লেখ্য, গুগলের উদ্যোগে বাংলাদেশে শুরু হওয়া ‘ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’ কার্যক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে অংশগ্রহণ করছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য যাচাই, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং এআই-নির্ভর সাংবাদিকতা সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।

ফলে, এই অংশীদারিত্ব বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষায় প্রযুক্তি এবং উদ্ভাবনের নতুন অধ্যায় সূচনা করবে বলে আশা করা হচ্ছে।