শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য এনটিআরসিএর নতুন নির্দেশনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য এনটিআরসিএর নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ষষ্ঠ নিয়োগে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদান প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে নতুন নির্দেশনা জারি করেছে সংস্থাটি।

মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদান সম্পর্কিত তথ্য আগামী ১৩ অক্টোবরের মধ্যে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে পাঠাতে হবে।

এনটিআরসিএ জানায়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ তাঁদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd -এ প্রবেশ করবেন। সেখানে Joining Status অপশনে গিয়ে প্রার্থী যোগদান করলে ‘Yes’ এবং যোগদান না করলে ‘No’ ক্লিক করতে হবে। প্রার্থী যোগদান না করলে ‘Reason’ ঘরে সম্ভাব্য কারণও উল্লেখ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫”-এর আওতায় ১৯ আগস্ট প্রার্থীদের সুপারিশ করা হয়। এরপর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র ইস্যু করার নির্দেশনা দেওয়া হয়েছিল। নিয়োগপত্র পাওয়ার পর প্রার্থীদের ৭ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানে যোগদান করতে বলা হয়।

প্রার্থী যোগদানের পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধানদের টেলিটকের ওয়েবসাইটে গিয়ে যোগদানের তথ্য আপডেট করতে হবে। 

এনটিআরসিএ বলেছে, এই প্রক্রিয়া সম্পন্ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য অসম্পূর্ণ হিসেবে গণ্য হবে এবং পরবর্তী প্রশাসনিক কার্যক্রমে বিলম্ব ঘটতে পারে।

এনটিআরসিএর এই নতুন নির্দেশনার লক্ষ্য, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, যাতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুততম সময়ে শ্রেণিকক্ষে পাঠদানে সম্পৃক্ত করা যায়।