শিক্ষা

পরীক্ষা বন্ধ রাখলে শাস্তির মুখোমুখি হতে হবে : শিক্ষা উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম

পরীক্ষা বন্ধ রাখলে শাস্তির মুখোমুখি হতে হবে : শিক্ষা উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মাধ্যমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্তে সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন হয়েছে জানিয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, পরীক্ষায় অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির মুখোমুখি হতে হবে।

সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “আন্দোলনের নামে যেটা করা হচ্ছে, তা সরকারি আচরণবিধি লঙ্ঘন। সেজন্য যে শাস্তির বিধান আছে, তার জন্য প্রস্তুত থাকতে হবে।”

উপদেষ্টা জানান, দেশের বিভিন্ন স্থানে যেখানে-যেখানে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে, সেটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি বলেন, “অনেক স্কুলে পরীক্ষা হয়েছে, আবার অনেক স্কুলে হয়নি-এটা অত্যন্ত অনভিপ্রেত। কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করে আন্দোলনের হাতিয়ার বানানো চরম অনৈতিক কাজ।”

শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত করার দাবিকে ‘অন্যায় ও অযৌক্তিক’ মন্তব্য করে তিনি বলেন, “চাকরিতে যোগ দেওয়ার সময় থেকেই তারা জানতেন যে তারা দশম গ্রেডে থাকবেন। নবম গ্রেড বিসিএস অ্যাডমিন ক্যাডারের বিষয়—এটা আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত। যে কেউ ইচ্ছা করলেই এ পদে যাওয়া সম্ভব নয়।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থকে সামনে রেখে পরীক্ষার বিষয়ে কোনো আপস হবে না।পরীক্ষা নিতে হবে-এটাই সরকারের দৃঢ় অবস্থান। আজ জেলা প্রশাসকদের সঙ্গে কথা হয়েছে, সবাই বলছেন অভিভাবক ও শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে আগ্রহী। শিক্ষকরা কাল থেকেই পরীক্ষা নেবেন; না নিলে শাস্তির মুখোমুখি হবেন।