শিক্ষা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদনের খবর পেয়ে শিক্ষার্থীদের উল্লাস
রাজধানীর সাতটি সরকারি কলেজ একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার জন্য প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এই সুখবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ ও উল্লাসে ফেটে পড়েন।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার শিক্ষার্থীদের নিজেই ফোনে খবরটি জানান। ঢাকা কলেজের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা এই খবর পেয়ে বিজয়োল্লাসে মেতে ওঠেন। তারা বিশ্ববিদ্যালয়ের নামে স্লোগান দিতে থাকেন, একে অপরকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে কাঁদতেও দেখা যায়।
আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “দেড় বছরের আন্দোলনের পর আমাদের দাবি সফল হয়েছে। শিক্ষা উপদেষ্টা নিজে ফোন করে অধ্যাদেশ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।”
সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছিলেন। সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।