শিক্ষা

এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীদের জন্য দুঃসংবাদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীদের জন্য দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

প্রায় পৌনে ৪ লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর জানুয়ারি মাসের বেতন এখনো অনুমোদন না পাওয়ায় চলতি সপ্তাহে তা পরিশোধের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এতে শিক্ষক-কর্মচারীদের মধ্যে হতাশা ও উদ্বেগ তৈরি হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জানুয়ারি মাসের বেতন অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সরকারি ছুটির কারণে অনুমোদন পেলেও জিও (Government Order) জারি এবং হিসাব মহানিয়ন্ত্রকের (এজি) কার্যালয়ে পাঠানোর প্রক্রিয়া আগামী বৃহস্পতিবারের আগে শুরু করা সম্ভব হবে না। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বিতরণ কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “সরকারি ছুটি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ সপ্তাহে জানুয়ারির বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আগামী সপ্তাহের শেষ কার্যদিবসের মধ্যে বেতন-ভাতা পরিশোধের চেষ্টা চলছে।”

জানা গেছে, প্রতি মাসে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষক ও কর্মচারীদের বেতনের প্রস্তাব অনলাইনে দাখিল করেন। এরপর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অনুমোদন সম্পন্ন হলে ব্যাংকের মাধ্যমে বেতন বিতরণ করা হয়।

বর্তমানে সরকার ডিজিটাল পদ্ধতিতে বিল দাখিল ও অনুমোদনের ব্যবস্থা চালু করেছে, যার ফলে বেতন প্রক্রিয়া আগের তুলনায় আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হয়েছে বলে জানিয়েছে মাউশির কর্মকর্তারা। তাদের মতে, এই ব্যবস্থায় দীর্ঘমেয়াদে বেতন অনুমোদন ও বিতরণ আরও দ্রুত হবে।

তবে সাম্প্রতিক এই বিলম্বে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, যদি ছুটি বা প্রযুক্তিগত জটিলতার কারণে অনুমোদন প্রক্রিয়া আরও পিছিয়ে যায়, তাহলে ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতনও অনিশ্চয়তার মুখে পড়তে পারে।