শিক্ষা
প্রশ্নফাঁস ও নকল ঠেকাতে এসএসসি পরীক্ষায় কঠোর নজরদারি: শিক্ষামন্ত্রী
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকল রোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষার পবিত্রতা রক্ষায় মাঠ পর্যায়ে কঠোর তদারকি নিশ্চিত করা হবে।
শনিবার রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’ সদস্যদের সঙ্গে ইফতার পরবর্তী মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে এবারও কঠোর নজরদারির মাধ্যমে পরীক্ষা সম্পন্ন করা হবে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কেউ প্রশ্নফাঁসের অপচেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রয়োজনে তিনি নিজেও মাঠ পর্যায়ে গিয়ে পরীক্ষার সার্বিক নিরাপত্তা তদারকি করবেন। পাশাপাশি সব শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও পরীক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে শিগগিরই সমন্বয় সভা করা হবে।
ভবিষ্যতে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বিশ্বের বড় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো যদি একই মানদণ্ডে অনুষ্ঠিত হতে পারে, তাহলে বাংলাদেশেও তা সম্ভব। আগামী বছর থেকে এ পদ্ধতি চালুর বিষয়ে ভাবনা-চিন্তা চলছে।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করতে ইউএনও, জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডের সমন্বয়ে তিন স্তরের স্ক্রিনিং প্রক্রিয়া চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে তিনি নিজের “ইবাদতখানা” মনে করেন এবং আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনার মাধ্যমে এমন একটি ভিত্তি তৈরি করতে চান, যা দীর্ঘমেয়াদে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে ইরাব সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস