শিক্ষা
নিউজিল্যান্ডে স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ, জানুন শর্ত
নিউজিল্যান্ড বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। উন্নত শিক্ষাব্যবস্থা, নিরাপদ পরিবেশ এবং পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ-সব মিলিয়ে দেশটি শিক্ষার্থীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা সেমিস্টার চলাকালীন সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করার সুযোগ পান। এছাড়া নির্ধারিত ছুটির সময়- যেমন মধ্যবর্ষ, বড়দিন ও নববর্ষের ছুটিতে-পূর্ণকালীন কাজ করার অনুমতি থাকে।
ইমিগ্রেশন নিউজিল্যান্ড-এর নীতিমালা অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তাঁদের স্বামী/স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিতে পারেন। শিক্ষার্থী ভিসাধারীরা তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ধরনের ভিসা স্পনসর করার সুযোগ পান, তবে এর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম ও সীমাবদ্ধতা রয়েছে।
শিক্ষার্থীরা তাঁদের সঙ্গী ও সন্তানের জন্য ‘পার্টনার অব আ স্টুডেন্ট ভিজিটর ভিসা’ এবং ‘চাইল্ড অব আ স্টুডেন্ট ভিজিটর ভিসা’ স্পনসর করতে পারেন। তবে এই ভিসার মাধ্যমে সব ক্ষেত্রে কাজ বা পড়াশোনার সুযোগ পাওয়া যায় না। এটি নির্ভর করে শিক্ষার্থীর কোর্সের ধরন ও যোগ্যতার ওপর।
উচ্চতর শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে তাঁদের সঙ্গীর জন্য ওয়ার্ক ভিসা পাওয়ার সুযোগ থাকে। সাধারণত যেসব শিক্ষার্থী এই সুবিধা পান—
* লেভেল ৯ বা ১০ (মাস্টার্স বা পিএইচডি) কোর্সে অধ্যয়নরত
* লেভেল ৭ বা ৮ কোর্সে অধ্যয়ন করছেন, যা দেশটির ‘গ্রিন লিস্ট’ভুক্ত পেশার সঙ্গে সম্পর্কিত
* এমন কোর্সে পড়ছেন, যেগুলো শেষ করে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পাওয়া যায়
* ২০২২ সালের ৭ সেপ্টেম্বরের আগে শুরু হওয়া স্কিল শর্টেজ তালিকাভুক্ত কিছু কোর্সে অধ্যয়নরত
বিশেষ করে পিএইচডি শিক্ষার্থীরা তাঁদের সঙ্গীর জন্য ওয়ার্ক ভিসা এবং সন্তানের জন্য স্টুডেন্ট ভিসা-দুটিই স্পনসর করার সুযোগ পান।
সন্তানের জন্য স্টুডেন্ট ভিসা স্পনসর করার সুযোগ সীমিত। এই সুবিধা পাওয়া যাবে যদি শিক্ষার্থী-
* পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত হন
* অনুমোদিত এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেন
* সরকারি স্কলারশিপে পড়াশোনা করেন, যা মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড দ্বারা পরিচালিত
যদি শিক্ষার্থী সরাসরি সন্তানের স্টুডেন্ট ভিসা স্পনসর করতে না পারেন, তবে তাঁর সঙ্গী ওয়ার্ক ভিসা পাওয়ার পর সেই দায়িত্ব নিতে পারেন।
নিউজিল্যান্ডে পড়াশোনা করা শিশুদের দেখাশোনার জন্য বাবা-মা ‘গার্ডিয়ান ভিজিটর ভিসা’ নিয়ে সেখানে অবস্থান করতে পারেন। এতে করে পরিবার থেকে বিচ্ছিন্ন না হয়েই শিশুরা পড়াশোনা চালিয়ে যেতে পারে।
সব ধরনের ভিসার ক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই সম্পর্কের যথাযথ প্রমাণ (যেমন বিবাহ সনদ বা সন্তানের নির্ভরশীলতার প্রমাণ) দিতে হবে। পাশাপাশি নির্ধারিত ভিসা শর্ত ও ইমিগ্রেশন নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে।
সব মিলিয়ে, নিউজিল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারসহ বসবাসের সুযোগ দিলেও নির্ভরশীলদের কাজ ও পড়াশোনার অধিকার সম্পূর্ণভাবে নির্ভর করে শিক্ষার্থীর কোর্স, যোগ্যতা এবং ভিসার ধরন অনুযায়ী।