শিক্ষা

সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পিএম

সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইনে ক্লাস চালুর একটি পাইলট প্রকল্প চালু করা হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর দনিয়া কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের’ যৌথ আয়োজনে এক অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, পরিকল্পনা অনুযায়ী শনি-সোম-বুধবার শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে সশরীরে ক্লাসে অংশ নেবে। বাকি দিনগুলো—রবি, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “শনিবার স্কুলে এসে ক্লাস হবে, রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে।”

এ প্রকল্প পাইলট হিসেবে মহানগর ও মেট্রোপলিটন এলাকায় প্রবর্তিত হবে। সফল হলে ধাপে ধাপে দেশের অন্যান্য অঞ্চলেও এটি বিস্তৃত করা হতে পারে। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষকরা বিদ্যালয়েই থেকে অনলাইনে ক্লাস পরিচালনা করবেন এবং ওয়াইফাইসহ অন্যান্য প্রযুক্তিগত সমস্যার সমাধান করা হবে।

তিনি জোর দিয়ে বলেন, “সব প্রতিষ্ঠানে এটি বাধ্যতামূলক করা হবে না। এমন কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না যা শিক্ষা ব্যবস্থায় প্রভাব ফেলবে।”

নতুন ক্লাসের ব্যবস্থা আগামী শনিবার থেকে কার্যকর হবে।