শিক্ষা
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু
রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এ সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়।
জ্বালানি সংকট মোকাবিলা ও প্রশাসনিক ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে শিক্ষাখাতেও ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে রাজধানীর কয়েকটি স্কুল ও কলেজে পাইলট প্রকল্প হিসেবে অনলাইন ক্লাস চালু করা হয়েছে।
নতুন ব্যবস্থায় শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ থেকেই ভার্চুয়ালি ক্লাস নিচ্ছেন, আর শিক্ষার্থীরা বাসা থেকে অনলাইনে যুক্ত হয়ে পাঠ গ্রহণ করছে।
শিক্ষকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে কলেজ শাখায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু হলেও পর্যায়ক্রমে স্কুল পর্যায়েও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সপ্তাহে কিছুদিন অনলাইন এবং কিছুদিন সরাসরি ক্লাস চালানোর একটি রুটিনও বিবেচনায় রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জ্বালানি ব্যবস্থাপনা ও ডিজিটাল শিক্ষাকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ও করা হয়েছে।
গত ৯ এপ্রিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, রাজধানীর কয়েকটি স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় এনে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সফল হলে এই ব্যবস্থা ধীরে ধীরে সারা দেশে বিস্তৃত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রণালয় সূত্র আরও জানায়, নতুন ব্যবস্থায় অনলাইন ও অফলাইন—দুই ধরনের ক্লাসই সমন্বিতভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় ধারাবাহিকতা বজায় থাকে।