শিক্ষা
করোনার ভেরিয়েন্টের মতো নকলেরও এখন নানা ভেরিয়েন্ট হয়েছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাব্যবস্থায় একবারই রেজিস্ট্রেশন প্রক্রিয়া থাকা উচিত এবং একই শিক্ষার্থীকে বারবার নতুন করে ভর্তি করানোর বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন। তিনি বলেন, “এক মুরগি তিনবার জবাই করা যায় না”—অর্থাৎ শিক্ষাক্ষেত্রে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করা উচিত নয়।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর শিক্ষাবোর্ড ও খুলনা বিভাগের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ নিয়ে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরীক্ষায় নকলের বিষয়ে তিনি বলেন, করোনার ভেরিয়েন্টের মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে; ডিজিটাল নকল। ছেলেমেয়েরা যদি নকল করতে চায়, সেটি তাদের দুর্বলতা নয় বরং এটি শিক্ষকদের দুর্বলতা। কেন বাচ্চারা নকল করতে চাইছে, সেটি খুঁজে বের করে আমাদের সমাধানের দিকে যেতে হবে।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। এ কারণে সরকার শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তবে এই গুরুত্ব শুধু নীতিগত পর্যায়ে নয়, বাস্তবায়নের দায়িত্ব যারা মাঠে কাজ করছেন—বিশেষ করে শিক্ষক—তাদের ওপরও বর্তায়।
তিনি আরও বলেন, তাকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা সমালোচনা বা ট্রল হলেও তিনি বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করছেন। বরং তিনি চান, শিক্ষা সংক্রান্ত যেকোনো প্রশ্ন সংসদে উঠুক এবং সেখানে জবাবদিহিতার সুযোগ তৈরি হোক।
তিনি আরও জানান, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা যায়।