শিক্ষা

তীক্ষ্ণ দৃষ্টিতে শিক্ষামন্ত্রীর কেন্দ্র পরিদর্শন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম

তীক্ষ্ণ দৃষ্টিতে শিক্ষামন্ত্রীর কেন্দ্র পরিদর্শন
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ব্যতিক্রমী ভঙ্গিতে নজর কাড়লেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর একাধিক কেন্দ্রে চলমান নিয়োগ পরীক্ষার সময় তার পর্যবেক্ষণের ভিন্নধর্মী একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) এনটিআরসিএর অধীন সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় মন্ত্রী ঢাকার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি প্রথাগত পরিদর্শনের বাইরে গিয়ে পরীক্ষার পরিবেশ সরাসরি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের এক পর্যায়ে পরীক্ষাকেন্দ্রের পুরোনো ভবনের জানালার সরু ফাঁক দিয়ে ভেতরের হল রুমে পরীক্ষা পর্যবেক্ষণ করেন তিনি। এই দৃশ্যের ছবি মন্ত্রীর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

সকাল ৯টা থেকে শুরু হওয়া পরীক্ষার অংশ হিসেবে মন্ত্রী একে একে সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং তেজগাঁও কলেজ পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, পরীক্ষার পরিবেশ সন্তোষজনক এবং সুষ্ঠুভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হচ্ছে। তিনি কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে হবে, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে।

এদিন মোট ৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চারটি ধাপে অনুষ্ঠিত পরীক্ষার মধ্যে প্রথম ধাপ ‘ক’ গ্রুপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি ধাপগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীদের জন্য কঠোর নিয়ম মেনে প্রবেশের নির্দেশনা কার্যকর করা হয়েছে।