শিক্ষা
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত করার সব ধরনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে। বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব। আমাদের সেই রিসোর্স রয়েছে, আমাদের সেই মেধা রয়েছে, আমাদের সেই প্রোগ্রাম রয়েছে, আমাদের সেই ইচ্ছা রয়েছে। এটাকে বাস্তবায়ন করার জন্য সকলকে এক যোগে কাজ করতে হবে।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বাংলাদেশকে আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজকে দেশে আনার বিষয়েও কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি দেশের শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনা শেষে দেশে ফিরে অবদান রাখার প্রবণতা বাড়ানোর ওপরও জোর দেন।
তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষের মতামতকে গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনা, বৃত্তি প্রদান ও ট্রাস্টভিত্তিক পরিচালনার বিষয়গুলোও পর্যালোচনার আওতায় আনা হবে।
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, জিয়াউর রহমান স্বল্প সময় দায়িত্বে থেকেও শিক্ষা খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। একইভাবে খালেদা জিয়া শিক্ষার উন্নয়নে সুদূরপ্রসারী চিন্তা করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে চায়। তার মতে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা হাবে পরিণত করা সম্ভব।