শিক্ষা

শার্শায় এসএসসি পরীক্ষার্থীকে অনৈতিকভাবে সহযোগিতার অভিযোগে আটক ২


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:১৫ পিএম

শার্শায় এসএসসি পরীক্ষার্থীকে অনৈতিকভাবে সহযোগিতার অভিযোগে আটক ২
ছবি: সংগৃহীত

শার্শা উপজেলা-এ এসএসসি পরীক্ষার্থীকে অনৈতিকভাবে সহযোগিতা করার অভিযোগে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এম. নূরুজ্জামান বাদী হয়ে শার্শা থানা-য় একটি মামলা করেছেন।

আটককৃতরা হলেন, বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ফাতেমা খাতুন। তাদের শার্শা থানা হেফাজতে রাখা হয়েছে।

একাডেমিক সুপারভাইজার এম. নূরুজ্জামান জানান, প্রধান শিক্ষিকা শাহানারা খাতুনের মেয়ে অহনা খাতুন চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সে বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছে। অহনা বিকেএস কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়-এর ছাত্রী।

তিনি বলেন, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার পর প্রধান শিক্ষিকা শাহানারা খাতুনের নির্দেশে প্রতিষ্ঠানটির আয়া ফাতেমা খাতুন গোপনে তার মেয়ের উত্তরপত্র ঠিক করে দেওয়ার চেষ্টা করেন। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত দু’জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তদন্ত পরিচালনা করা হয় এবং প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত আড়াইটার দিকে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে।

এদিকে অভিযোগ উঠেছে, কেন্দ্র কমিটির কেন্দ্র সচিব মোহাম্মদ গাউসুল আজম, হল সুপার মোহাম্মদ শাহিনুর রহমান, সদস্য আব্দুস সালাম এবং সদস্য মহেন্দ্রনাথ ধরের দায়িত্বে অবহেলা ও স্বজনপ্রীতির কারণেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে অভিভাবক মহল তদন্তের দাবি জানিয়েছে।

শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, “এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আটককৃতদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।”