শিক্ষা
নতুন বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে: শিক্ষামন্ত্রী
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রস্তাবিত এই বরাদ্দের পরিমাণ দাঁড়াবে এক লাখ ২৩ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এবারের বাজেটে শিক্ষা মন্ত্রণালয় জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চেয়েছিল। তবে প্রধানমন্ত্রী জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ৩১ শতাংশ বেশি।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতার অর্থ প্রদান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, এ খাত থেকে কয়েক হাজার কোটি টাকা তছরুপ হয়েছে।
এ পরিস্থিতি সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে একটি থোক বরাদ্দ থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা পুনরায় চালু করা হবে।