শিক্ষা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৭ জরুরি নির্দেশনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৭ জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ ঘিরে দেশজুড়ে প্রচার কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসাসহ মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে সাত ধরনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ আগস্ট) প্রকাশিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে প্রতিযোগিতার লোগো, মাসকট, ড্রপডাউন-গেট ব্যানার ও ফেস্টুন প্রদর্শনসহ বিভিন্নভাবে প্রচারণা চালানোর কথা বলা হয়েছে।

পরিপত্রে বলা হয়, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক সভায় প্রতিযোগিতার প্রচার-প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে মাঠপর্যায়ে বিভিন্ন প্রচারসামগ্রী পাঠানো হয়েছে। এসব সামগ্রী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গেট, দর্শনীয় স্থান ও গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন করতে হবে।

প্রচার কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো—

১. সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গেটে ব্যানার প্রদর্শন করতে হবে।

২. প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে ড্রপডাউন ব্যানার প্রদর্শন করতে হবে।

৩. মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে নিজ নিজ আওতাধীন এলাকার দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থানে লোগো, মাসকট, ড্রপডাউন-গেট ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

৪. পাঠদানের সময় নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিযোগিতা সম্পর্কে অবহিত করতে হবে।

৫. প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে এ-সংক্রান্ত নির্দেশনা দিতে হবে।

৬. শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিযোগিতার প্রচারণা চালাতে হবে।

৭. সব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ সম্পর্কে প্রচারণা চালাতে হবে।