বিনোদন
শাহরুখপুত্রের প্রেমিকা লারিসা বোনেসিকে ঘিরে ভোট কারচুপির বিতর্ক
নির্বাচনী প্রচারণার মাঠে এবার আলোচনার কেন্দ্রে উঠে এলেন ব্রাজিলিয়ান মডেল লারিসা বোনেসি। তিনি শাহরুখপুত্র আরিয়ান খানের কথিত প্রেমিকা হিসেবে পরিচিত থাকায় সংবাদমাধ্যম ও নেটিজেনদের নজরেও পড়েছেন। হরিয়ানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর রাহুল গান্ধী ভোটচুরির অভিযোগ তোলার সঙ্গে লারিসার ছবি জড়িত হওয়ায় বিতর্ক আরও তীব্র আকার ধারণ করেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, লারিসা একজন আন্তর্জাতিক ব্রাজিলিয়ান মডেল। বিটাউনে শাহরুখপুত্রের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিন ধরে শোনা যায়। তবে রাহুল গান্ধীর অভিযোগের সঙ্গে লারিসার সম্পর্ক কীভাবে যুক্ত, তা নিয়ে জনসাধারণের মধ্যে প্রশ্ন উঠেছে। অনেক নেটিজেনই লারিসা এবং আরিয়ানের সম্পর্কের গুঞ্জনকে ভিত্তি করে তাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছেন।
মঙ্গলবার (০৫ নভেম্বর) কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, লারিসার ছবি অন্তত ২২টি নির্বাচনী বুথে দেখা গেছে। নির্বাচনী প্রচারণার মধ্যে বিভিন্ন নামে- যেমন সীমা, সুইটি, সরস্বতী-তার ছবি ব্যবহার হয়েছে। এ ঘটনায় নেটিজেনরা বিভ্রান্ত হয়ে পড়েছেন এবং অনেকেই লারিসার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মন্তব্য করে তাকে উদ্দেশ্য করে খোঁচা দিয়েছেন।
অনেকে লিখেছেন, “নতুন ভারতীয় পরিচয়ের জন্য অভিনন্দন” কিংবা “ব্রাজিলের বিজেপি ভোটার আপনি। আপনাকে স্বাগত।” তবে লারিসার অনুরাগীরা তার পাশে দাঁড়িয়েছেন এবং জানিয়েছেন, বিতর্কিত ছবির মডেল আসলে লারিসা নন।
এই বিষয়ে লারিসা বা আরিয়ান উভয়ই এখনও কোনো মন্তব্য করেননি। নির্বাচনী বিতর্ক এবং সোশ্যাল মিডিয়ার হিংস্রতা চলমান থাকলেও, বিষয়টি আন্তর্জাতিক মিডিয়াতেও যথেষ্ট আলোচিত হয়েছে।