বিনোদন

পথচারীকে মারধরের ঘটনায় মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:৪৬ পিএম

পথচারীকে মারধরের ঘটনায় মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
মডেল ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবির। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় এক সাধারণ পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবির-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন-এর আদালতে মামলাটি করেন সাজ্জাদ আল ইসলাম, যিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর ঢাকা জেলা দক্ষিণের সভাপতি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করতে গুলশান থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদী।

মামলার অভিযোগে বলা হয়েছে,  মঙ্গলবার বিকেল ৪টার দিকে গুলশান-২ রয়েল ব্লুয়ের বিপরীত পাশ দিয়ে এক বৃদ্ধ চলাচল করছিলেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মনিকা কবির টিকটক করার এক পর্যায়ে বৃদ্ধ ব্যক্তির ব্যাগের কোনা আসামির গায়ে লাগে।

“মনিকা কবির ওই বৃদ্ধকে আক্রমণ করে ব্যাগ ছুড়ে ফেলে মারধর করেন। ইচ্ছাকৃতভাবে ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যার ফলে ভূক্তভোগী ব্যক্তি আরও অপমান ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে।”

মামলাটি আমলে নিয়ে আসামিকে আদালতে হাজির করতে সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন বাদী।