আইন আদালত

১১৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৬:৩৬ পিএম

১১৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পেছাল। মোট ১১৯ বার তারিখ পরিবর্তনের পর, এবার নতুন দিন ধার্য করা হয়েছে আগামী ১১ আগস্ট।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ সিদ্ধান্ত দেন। এদিন ছিল প্রতিবেদন দাখিলের দিন, কিন্তু তদন্ত সংস্থা পিবিআই আদালতে কোনো প্রতিবেদন জমা দিতে পারেনি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাগর-রুনি। হত্যাকাণ্ডের সময় তাদের সাড়ে চার বছরের শিশু মেঘ বাসায় ছিল। ঘটনার পরদিন রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

এই দীর্ঘ ১২ বছরের তদন্তে একাধিকবার সংস্থা পরিবর্তন হলেও এখনো অপরাধীদের শনাক্ত বা বিচার হয়নি। তদন্তে গতি আনতে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়। এর আহ্বায়ক করা হয় পিবিআই প্রধানকে, এবং কমিটিতে রাখা হয় সিআইডি, র‌্যাব ও পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের।

তবে হাইকোর্ট এও স্পষ্ট করে দেয়, তদন্তে যেন আর বিলম্ব না হয়। বিচারপতিরা বলেন, “এই ছয় মাস মানে ছয় মাস—এর বেশি নয়। আশা করি এবার ন্যায়বিচার নিশ্চিত হবে।”