আইন আদালত

সচিবালয়ে ভাঙচুর ও হামলার ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম

সচিবালয়ে ভাঙচুর ও হামলার ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

সচিবালয়ে অনধিকার প্রবেশ, ভাঙচুর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার অভিযোগে অজ্ঞাতনামা প্রায় ১২০০ জন শিক্ষার্থী ও দুষ্কৃতিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান বুধবার (২৩ জুলাই) মামলাটির এজাহার গ্রহণ করেন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) রাতে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক (এসআই) গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করে।

প্রথমে তারা শিক্ষাভবন ও শিক্ষাবোর্ড ঘুরে সচিবালয়ের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে নিরাপত্তার জন্য সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হলেও শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মূল ফটকে এসে জড়ো হয় এবং গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে।

পুলিশ দাবি করেছে, শিক্ষার্থীরা বেআইনি জনতা হিসেবে জড়ো হয়ে ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। হামলার লক্ষ্য ছিল তাদের হত্যার উদ্দেশ্যে আঘাত হানা।

এছাড়া অভিযুক্তরা সচিবালয়ের ভেতরে সরকারি যানবাহন ভাঙচুর করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় তারা ভীতি ছড়াতে নানা ধরনের হুমকিও দিয়েছে বলে জানানো হয় মামলায়।