আইন আদালত

নিজের পক্ষে কোনো আইনজীবী পেলেন না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১১:১২ পিএম

নিজের পক্ষে কোনো আইনজীবী পেলেন না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
ছবি: সংগৃহীত

এক সময় ছিলেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি। তার এজলাসে দাঁড়াতে সম্মানবোধ করতেন দেশের শীর্ষ আইনজীবীরা। কিন্তু সেই এবিএম খায়রুল হককেই আজ নিজেকে রক্ষার জন্য আদালতে একা দাঁড়াতে হলো, কিন্তু পাশে দাঁড়ালেন না কোনো আইনজীবী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে হাজির হন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। শুনানির সময় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সকালে রাজধানীর ধানমণ্ডি এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ধ্যার পর তাকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. খালেদ হাসান।

আবদুল কাইয়ুম আহাদ হত্যাকাণ্ডের প্রসঙ্গে জানা যায়, গত বছরের ১৮ জুলাই বিকেলে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহাদের ওপর হামলা চালানো হয়। গুলি, ধারালো অস্ত্র ও টিয়ারশেলের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে কাজলা পুলিশ বক্সের সামনে পড়ে থাকা আহাদের দুই পায়ে ব্রাশফায়ার করা হয়, যা অভিযোগ অনুযায়ী তৎকালীন ওসি আবুল হোসেনের নেতৃত্বে করা হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার এক বছর পর, গত ৬ জুলাই নিহতের বাবা মো. আলাউদ্দিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪৬৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন যাত্রাবাড়ী থানায়। মামলায় অজ্ঞাত আরও এক থেকে দুই হাজার জনকে আসামি করা হয়েছে। এই মামলার ৪৪ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক।

এক সময় যিনি দেশের বিচার বিভাগের নিয়ন্ত্রক ছিলেন, আজ তিনি নিজেই বিচারপ্রার্থী, কিন্তু পাশে নেই কেউ।