আইন আদালত

জিএম কাদেরের সাংগঠনিক ক্ষমতায় আদালতের নিষেধাজ্ঞা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৩:৫৪ পিএম

জিএম কাদেরের সাংগঠনিক ক্ষমতায় আদালতের নিষেধাজ্ঞা
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের । ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একই সঙ্গে দল থেকে বহিষ্কৃত ১১ জন সিনিয়র নেতাকে স্বপদে পুনর্বহাল করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম গত বুধবার (৩০ জুলাই) এ আদেশ দেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) আদালত সূত্রে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

আদালতের আদেশে বলা হয়েছে, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ যেসব প্রেসিডিয়াম সদস্যদের বহিষ্কার করা হয়েছিল—তাদের বহিষ্কার আদেশটি অবৈধ। ফলে তারা আবারও পূর্বের পদে বহাল থাকবেন এবং দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন।

পুনর্বহাল হওয়া অন্য নেতাদের মধ্যে রয়েছেন—জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, জহিরুল ইসলাম জহির, নাজমা আক্তার, মোস্তফা আল মাহমুদ, আরিফুল রহমান, নাসির উদ্দিন মাহমুদ, জসিম উদ্দিন জসিম এবং দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক খান।

আদালতের রায়কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, “এই ঐতিহাসিক রায় প্রমাণ করেছে—বাংলাদেশে এখনো আইন ও ন্যায়বিচার জীবিত আছে। সত্যকে কখনোই নিশ্চিহ্ন করা যায় না। দলীয় গঠনতন্ত্রকে পদদলিত করে যে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল, আজকের রায় তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। এটি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটি শক্ত বার্তা।”

তিনি আরও বলেন, “জাতীয় পার্টি কখনোই ব্যক্তিমালিকানাধীন সংগঠন নয়। এটি দেশের লাখো মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আজ আদালতের রায়ের মাধ্যমে জাতীয় পার্টি গণতন্ত্রের পথে আবারও ফিরেছে। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সত্যের জয় হোক, অহংকারের পরাজয় ঘটুক।”

হাওলাদার দলীয় ঐক্যের বার্তা দিয়ে বলেন, “এখন সময় এসেছে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে বৃহত্তর ঐক্য গড়ে তোলার। আমরা প্রয়াত পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের জাতীয় পার্টিকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চাই—যা একটি সাম্য, প্রগতি ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করবে। আমাদের মধ্যে আর কোনো বিভাজন থাকবে না। আমরা সবাই এরশাদের সৈনিক হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

আদালতের এই রায় জাতীয় রাজনীতিতে জাতীয় পার্টির অবস্থান ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই বিশ্লেষকদের ধারণা।