আইন আদালত

প্লট জালিয়াতি: শেখ হাসিনা-জয়-পুতুলসহ ২৩ জনের আনুষ্ঠানিক বিচার শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৪:৫৮ পিএম

প্লট জালিয়াতি: শেখ হাসিনা-জয়-পুতুলসহ ২৩ জনের আনুষ্ঠানিক বিচার শুরু
ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই ৬টি দুর্নীতিমূলক মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা জমির বরাদ্দে জালিয়াতি ও অনিয়মের অভিযোগে জানুয়ারি মাসে শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয়। এরপর ২৫ মার্চ জমা দেওয়া অভিযোগপত্রে সবাইকে পলাতক দেখানো হয়।

আদালত মামলাগুলোর অভিযোগ আমলে নিয়ে গত ১৩ ও ১৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে ভারতে অবস্থান করছেন। পরিবারের অন্যান্য সদস্যরাও বর্তমানে দেশের বাইরে রয়েছেন।

প্রকল্পের প্লট বরাদ্দে অনিয়মের অনুসন্ধান শুরু হয় গত বছরের ডিসেম্বরে। এরপর ১২ জানুয়ারি সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক। পরদিন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে আরও মামলা হয়।

১৪ জানুয়ারি শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা করে দুদক। এই ছয়টি মামলাতেই প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার নাম রয়েছে।

দুদক জানায়, প্লট বরাদ্দে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি সম্পদ আত্মসাতের প্রমাণ মিলেছে। মামলাগুলোর তদন্তে কোটি টাকার অবৈধ লেনদেন, নথি জালিয়াতি ও বিধিবহির্ভূত সিদ্ধান্তের প্রমাণ পাওয়ার দাবি করেছে সংস্থাটি।