আইন আদালত
লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে আগের স্থানে ফেলার নির্দেশ হাইকোর্টের
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকা থেকে লুট হওয়া সাদা পাথর আগামী সাত দিনের মধ্যে আগের স্থানে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে, এই পাথর লুটের সঙ্গে জড়িতদের তালিকা আদালতে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ বিষয়ে দায়ের করা এক রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এছাড়া, পাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আরও একটি রিটের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি রেখেছে আরেকটি হাইকোর্ট বেঞ্চ—যা পরিচালনা করবেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর।
ওই রিটে বলা হয়, লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোলাগঞ্জ এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা জরুরি। একইসঙ্গে, দায়িত্বশীল কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল জারির আবেদনও করা হয়েছে।