আইন আদালত
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হলেন সাবেক এসআই আবজালুল
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হক ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী হিসেবে পরিচিত) হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তিনি নিজেই দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আবজালুলের আবেদন শর্তসাপেক্ষে গ্রহণ করে।
প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আবজালুল হক নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন। আদালত তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে এই শর্তে যে, তিনি ঘটনার পুরো সত্য আদালতে প্রকাশ করবেন। মামলার নিষ্পত্তি পর্যন্ত তিনি কারাবন্দি থাকবেন এবং প্রয়োজন হলে আদালতে সাক্ষ্য দেবেন।”
এর আগে দুপুরে ট্রাইব্যুনালে মামলার শুনানিকালে মৌখিকভাবে নিজের দোষ স্বীকার করেন শেখ আবজালুল। একই সঙ্গে রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে তার আইনজীবী শেখ মুস্তাভী হাসানের মাধ্যমে করা প্রথম লিখিত আবেদনে কিছু ত্রুটি থাকায় আদালত দুপুর ২টার মধ্যে সংশোধিত আবেদন জমা দিতে বলেন।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিলে ট্রাইব্যুনাল তা গ্রহণ করে এবং তার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এই মামলায় মোট আসামি ১৬ জন। তাদের মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের মধ্যে আবজালুলই প্রথম রাজসাক্ষী হলেন। পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ সেপ্টেম্বর সূচনা বক্তব্যের দিন ধার্য করা হয়েছে।
এর আগে একই ধরনের আরেকটি মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হন। সেই মামলার অন্যান্য আসামির মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, যাদের দু’জনই পলাতক।