আইন আদালত

অস্ত্র মামলায় হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পিএম

অস্ত্র মামলায় হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর থানার অস্ত্র আইনের মামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‍্যাব-২। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে ফয়সালকে আটক করা হয় এবং তার বাসা তল্লাশি করে চার রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

পরবর্তীদিনে র‍্যাবের হাবিলদার মশিউর রহমান আদাবর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত অস্ত্রধারী, চাঁদাবাজ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম ও জমি দখলসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন এবং এসব অপরাধে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন।

তদন্ত শেষে আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালীন ১৪ জনের মধ্যে ১৩ জন সাক্ষ্য দেন।

ফয়সাল করিম গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যা মামলার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি এবং সাম্প্রতিক সময়ে ভারতে গ্রেফতার হন।

আদালত রায়ে তার বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন, যা কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।