আইন আদালত

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০১:৩০ পিএম

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

হামের টিকাদান কার্যক্রম বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে বলা হয়, দীর্ঘদিন ধরে চলমান রাষ্ট্রীয় হামের টিকাদান কর্মসূচি বাতিল করে তা বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত ছিল ‘ফৌজদারি অবহেলা’।

রিট আবেদনে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা চাওয়া হয়েছে।

এ মামলায় কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিটের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম বলেন, দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েছে। ইতোমধ্যে বহু শিশু আক্রান্ত হয়েছে এবং শতাধিক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তার দাবি, রাষ্ট্রীয় টিকাদান ব্যবস্থা বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িতদের ভূমিকা তদন্ত করা প্রয়োজন।

রিটে আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, মোস্তফা সরয়ার ফারুকীসহ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যরা। এছাড়া সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তিগত সহকারীর নামও উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ৬ এপ্রিল একই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম। নোটিশে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞার ব্যবস্থা নিতে বলা হয়েছিল। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়। সেই ধারাবাহিকতায় এবার হাইকোর্টে রিট আবেদন করা হলো।