আইন আদালত
মিরপুরে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
রাজধানীর মিরপুর-১১ এলাকায় ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে অভিযোগ করা হয়, তার সঙ্গে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া প্রয়োজন।
বুধবার (৩ জুন) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। এ মামলায় তার পক্ষে আইনজীবী হিসেবে আছেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় বসবাস করতেন। ওই বাসার পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন।
তিনি আরও জানান, নুরজাহান বেগমের সন্তানেরা সবাই প্রতিষ্ঠিত। ইতোমধ্যে এ ঘটনায় তার স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি ঠিক কখন এবং কী কারণে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ এবং ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ৩১ মে ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।