আইন আদালত

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ডের রায়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:১৩ পিএম

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ডের রায়
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে কঠোর নিরাপত্তার মধ্যে সকালে প্রথমে স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। পরে সোহেল রানাকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। এরপর তাদের হাজতখানায় রাখা হয় এবং পরে রায় ঘোষণার জন্য এজলাসে তোলা হয়। বেলা ১১টার পর বিচারক রায় পাঠ শুরু করেন।

রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। অতিরিক্ত পুলিশসহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে পল্লবী এলাকায় এই ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগীর বাবা পল্লবী থানায় মামলা করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা এবং মরদেহ গুমে সহায়তার অভিযোগ আনা হয়।

পরে পুলিশ দ্রুত তদন্ত শেষ করে চার দিনের মধ্যে অভিযোগপত্র জমা দেয়। মামলায় মোট ১৮ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়।

এর আগে অভিযোগ গঠনের পর বিচার কার্যক্রম শুরু হয়। অল্প কয়েক দিনের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করে যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়।

মামলার বিবরণে বলা হয়, স্বপ্না খাতুন কৌশলে শিশুটিকে নিজেদের বাসায় নিয়ে যান। পরে সেখানে তাকে হত্যা করা হয়। ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় সোহেল রানাকে গ্রেপ্তার করা হয় এবং স্বপ্না খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।