আইন আদালত

বিদিশার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম

বিদিশার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম।

আদালতে বিদিশার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী আতিকুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে বিদিশার বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। মামলার বিচার শেষে গত ২০ মে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট কেনার বিষয়ে মোশাররফ হোসেনের সঙ্গে বিদিশার যোগাযোগ হয়। ২০০১ সালের ১ জুলাই বিদিশা তাকে ফ্ল্যাটটি দেখিয়ে বিক্রির প্রস্তাব দেন। পরে ৮০ লাখ টাকায় ফ্ল্যাট বিক্রির বিষয়ে চুক্তি হয়।

অভিযোগে আরও বলা হয়, ১০ জুলাই মোশাররফ হোসেনকে বনানীর রজনীগন্ধা কার্যালয়ে ডেকে নিয়ে বিদিশা তার মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলেন। পরে মোশাররফ হোসেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কারওয়ান বাজার শাখার মাধ্যমে ওই অর্থ পরিশোধ করেন। এরপর উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

বিদিশা সিদ্দিক সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী। পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের এক ছেলে রয়েছে।