আইন আদালত
প্যাডেল রিকশা বন্ধসহ নিরাপদ ব্যাটারিচালিত রিকশার দাবিতে আইনি নোটিশ
দেশে প্যাডেলচালিত রিকশা নিষিদ্ধ, জনবান্ধব ও নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন এবং পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের কাছে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।
মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, পরিবেশ সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, দেশের প্রায় ৯৯ শতাংশ মানুষ গণপরিবহন ও রিকশার ওপর নির্ভরশীল। বিপরীতে মাত্র ১ শতাংশ মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। অথচ অল্পসংখ্যক মানুষের ব্যবহৃত এসব গাড়ি সড়কের বড় একটি অংশ দখল করে রাখার পাশাপাশি বায়ুদূষণ বাড়াচ্ছে। একই সঙ্গে আমদানিনির্ভর জ্বালানি ব্যবহারের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ তৈরি হচ্ছে।
নোটিশে আরও বলা হয়, চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যে প্যাডেলচালিত রিকশা চালানো শ্রমিকদের জন্য অত্যন্ত কষ্টকর। এটিকে ‘আধুনিক দাসত্ব’ হিসেবে উল্লেখ করে সংবিধানের ৩৪ অনুচ্ছেদের পরিপন্থী দাবি করা হয়েছে। তাই দ্রুত প্যাডেল রিকশা নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের প্রয়োজন বিবেচনায় নিয়ে গতি নিয়ন্ত্রণ, কার্যকর ব্রেক এবং কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করে ব্যাটারিচালিত রিকশা চলাচলের জন্য যথাযথ নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে।
নোটিশে ব্যক্তিগত গাড়ির ওপর উচ্চহারে পরিবেশ কর আরোপ এবং যাত্রী ভাগাভাগিভিত্তিক পরিবহনসেবা উৎসাহিত করার কথাও বলা হয়েছে।
আইনি নোটিশে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে জানিয়েছেন নোটিশ প্রদানকারী আইনজীবী।