লাইফস্টাইল
মেধা বাড়াতে চান? এই অভ্যাসগুলো দৈনন্দিন জীবনে গড়ে তুলুন
প্রখর মেধাশক্তি শুধু জন্মগত নয়- সচেতন চর্চা ও সঠিক অভ্যাস দিয়েও এটি গড়ে তোলা সম্ভব। শিক্ষা, কর্মজীবন কিংবা ব্যক্তিগত উন্নয়ন সব ক্ষেত্রেই বুদ্ধিমত্তা ও মানসিক দক্ষতার ভূমিকা অনস্বীকার্য। যেমন শরীরকে ফিট রাখতে নিয়মিত ব্যায়াম দরকার, তেমনি মস্তিষ্ককে শাণিত রাখতে প্রয়োজন নিয়মিত ‘মানসিক অনুশীলন’। নিচে এমন কিছু কার্যকর অভ্যাস তুলে ধরা হলো, যেগুলো প্রতিদিন অনুসরণ করলে আপনার মেধা ও মানসিক সক্ষমতা বাড়বে।
দিন শুরু করুন মেডিটেশন দিয়ে-
প্রতিদিনের চিন্তা, উদ্বেগ ও মানসিক চাপ মস্তিষ্কের দক্ষতা কমিয়ে দেয়। মেডিটেশন এই চাপ কমাতে সাহায্য করে, মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায় এবং নিউরোনের সংযোগ উন্নত করে। মেডিটেশনের মাধ্যমে মনোযোগ বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা উন্নত হয় এবং মানসিক স্থিতিশীলতা তৈরি হয়।

সঠিক মানুষের সঙ্গে থাকুন-
আপনি যাদের সঙ্গে সময় কাটান, তাদের প্রভাব আপনার চিন্তাভাবনা ও মননের ওপর পড়ে। জ্ঞানী, ইতিবাচক ও উচ্চাভিলাষী মানুষদের সঙ্গে সময় কাটালে মস্তিষ্কের উদ্দীপনা বাড়ে। গঠনমূলক আলোচনায় অংশ নেওয়া, নতুন কিছু শেখার আগ্রহ এবং ইমোশনাল ইন্টেলিজেন্স—এসবই বাড়ে ভালো সঙ্গীদের মাধ্যমে।

প্রতিদিন কিছু পড়ুন-
বিশ্বের প্রায় সব সফল ব্যক্তির অভ্যাস তালিকায় একটি বিষয় সাধারণ—তারা নিয়মিত বই, প্রবন্ধ বা খবর পড়েন। পড়া কেবল তথ্য দেয় না, এটি আপনার চিন্তাধারা প্রসারিত করে, শব্দভাণ্ডার সমৃদ্ধ করে এবং বিশ্লেষণী ক্ষমতা বাড়ায়। প্রতিদিন মাত্র ৩০ মিনিট সময় দিলেও দীর্ঘমেয়াদে তা মস্তিষ্কের শক্তি বাড়িয়ে তোলে।

ঘুম নিয়ে আপোস নয়-
অনেকে মনে করেন, কম ঘুমিয়ে বেশি কাজ করলেই সফলতা আসে। বাস্তবতা হলো, পর্যাপ্ত ও গভীর ঘুম না হলে মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না। ঘুমের সময় আমাদের ব্রেইন স্মৃতি সাজিয়ে রাখে, তথ্য সংরক্ষণ করে এবং পুনরুদ্ধার ক্ষমতা বাড়ায়। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ৭-৮ ঘণ্টা গভীর ঘুম অপরিহার্য।