জাতীয়
নিবন্ধিত দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমার সময় শেষ আজ
নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য আয়-ব্যয়ের বার্ষিক হিসাব জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই)।
ইসির নিয়ম অনুযায়ী, পঞ্জিকা বছরের আর্থিক বিবরণী জমা দেওয়া নিবন্ধিত দলগুলোর জন্য বাধ্যতামূলক হলেও এবার ব্যতিক্রম হিসেবে আওয়ামী লীগের কাছে এমন কোনো হিসাব চাওয়া হয়নি।
ইসি সূত্র জানায়, বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ইতোমধ্যেই তাদের আয়-ব্যয়ের হিসাব কমিশনে জমা দিয়েছে। তবে অধিকাংশ ইসলামি দলসহ অনেক দল এখনো নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দেয়নি। এ বিষয়ে ইসি জানিয়েছে, কোনো দল চাইলে আবেদন করে সময়সীমা বৃদ্ধির সুযোগ নিতে পারবে।
এর আগে, গত ৭ জুলাই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার হামিদ সংবাদমাধ্যমকে জানান, নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি।
উল্লেখ্য, রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই প্রতি বছর এই হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ায় দলগুলোর প্রকৃত আয়, ব্যয় এবং অনুদানের উৎস সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হয়, যা সুশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।