জাতীয়
আজ স্বাক্ষর হচ্ছে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’
দীর্ঘ প্রস্তুতি ও প্রত্যাশার পর আজই স্বাক্ষর হতে যাচ্ছে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। এই ঐতিহাসিক দলিলের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ঐকমত্য ও জাতীয় ঐক্যের নতুন এক অধ্যায় সূচিত হতে যাচ্ছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে স্বাক্ষর অনুষ্ঠান। ইতোমধ্যে পুরো স্থানটি সাজানো হয়েছে নতুন সাজে, তৈরি হয়েছে ঐতিহাসিক মুহূর্তের পরিবেশ। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে— অনুষ্ঠানকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সনদে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্যরা এবং রাজনৈতিক দলগুলোর দুজন করে প্রতিনিধি।
ঐতিহাসিক এই অনুষ্ঠান ঘিরে সংসদ এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠান চলাকালে জাতীয় সংসদ ও আশপাশের এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে সরকার। নিরাপত্তার দায়িত্বে থাকবে সেনা, পুলিশ, র্যাব ও প্রশাসনের বিশেষ ইউনিট।
এই উপলক্ষে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিশেষ বার্তা দেন। বার্তায় তিনি বলেন, “আমরা দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান জানাচ্ছি। দেশের প্রতিটি মানুষকে বলছি— আপনি যেখানেই থাকুন, ঘরে বা পথে, দোকানে, কারখানায়, মাঠে বা খেলাধুলার প্রাঙ্গণে— এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা সত্ত্বেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি। এটাই আমাদের একসঙ্গে উদযাপনের সময়— ঐক্যের শক্তি অনুভব করার সময়, গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে নতুন প্রেরণা পাওয়ার সময়।”
জাতীয় ঐকমত্য কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। এতে সহযোগিতা, গণতন্ত্র, জবাবদিহি, সুশাসন ও জাতীয় ঐক্যকে প্রধান অঙ্গীকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সন্ধ্যার পর থেকেই অনুষ্ঠানটি দেশের সব টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে দেশের মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেন।