জাতীয়
বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সর্বোপরি অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেছে জার্মানি।
বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
জার্মান রাষ্ট্রদূত জানান, তারা আশা করছেন আসন্ন নির্বাচনে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য হবে। প্রধান উপদেষ্টা যে প্রায় ৬০ শতাংশ ভোটদানের সম্ভাবনার কথা বলেছেন, জার্মানিও সেই প্রত্যাশার সাথে একমত বলে তিনি উল্লেখ করেন।
প্রচার-প্রচারণার সময় যেন সহিংসতা বা অস্থিতিশীলতা না বাড়ে, বরং কমে আসে-এটাই জার্মান সরকারের মূল প্রত্যাশা বলে জানান রাষ্ট্রদূত লোটজ। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে নির্বাচন আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন। সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুনও বক্তব্য রাখেন।
জার্মান রাষ্ট্রদূতের বক্তব্যে উঠে এসেছে-বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় ইতিবাচকভাবে নজর রাখছে এবং তারা একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে।