জাতীয়
হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিলে মিলবে ৫০ লাখ টাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে তথ্য দিলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ ঘোষণা দেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে যারা জড়িত, তাদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার দেবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় ওসমান হাদির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। তিনি বলেন, হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। সবার সহযোগিতা পেলে খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিবাদী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা আরও জোরদার করা হবে। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা যদি আত্মরক্ষার জন্য বৈধ অস্ত্রের লাইসেন্স চান, তাহলে তা দেওয়ার বিষয়েও সরকার বিবেচনা করবে। যাদের অস্ত্র আগে জমা নেওয়া হয়েছিল, প্রয়োজন অনুযায়ী সেগুলো ফেরত দেওয়ার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখভাগে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।