জাতীয়

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা আটক, তিন অস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ এএম

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা আটক, তিন অস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের বাবা-মাকে আটক করেছে র‍্যাব। একই সঙ্গে অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-২ জানায়, মঙ্গলবার (রাত) রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও এলাকায় ফয়সালের বড় বোন জিয়াসমিনের বাসা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া ফয়সালের বাবা হুমায়ুন কবিরকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব কার্যালয়ে আনা হয়েছে।

র‍্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম জানান, ফয়সালের বড় বোনের বাসার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ফুটেজে দেখা যায়, গত ১২ ডিসেম্বর সকালে ফয়সাল ও তার এক সহযোগী মোটরসাইকেলে করে ওই বাসা থেকে বের হন। একই দিন বিকেল ৪টা ৫ মিনিটে ফয়সাল, তার সহযোগী, মা ও ভাগিনাকে দুটি ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু জিনিস বের করতে দেখা যায়। পরে বিকেলে ফয়সাল ও তার সহযোগী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকা ত্যাগ করেন।

এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-২-এর একটি আভিযানিক দল ওই দুই ভবনের মাঝের ফাঁকা স্থানে অভিযান চালিয়ে দুটি ভরা ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি এবং একটি চাকু উদ্ধার করে।

র‍্যাব আরও জানায়, অভিযুক্ত ফয়সালের বোনের বাসা থেকে একটি ট্যাব, একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, একটি পুরোনো বাটন মোবাইল ফোন, দুটি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন প্রতিষ্ঠানের পাঁচটি চেক, বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বই, ছয়টি পাসপোর্ট এবং ৩৮টি ব্যাংক চেকের পাতা জব্দ করা হয়েছে।

এদিকে ফয়সালের বাবা হুমায়ুন কবিরকে গ্রেপ্তারের সময় ফয়সালের শ্যালকের দেওয়া তথ্যে নরসিংদীর একটি পুকুরে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ফয়সালের মাকে রাতে র‍্যাব কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে শরিফ ওসমান হাদিকে হত্যার চেষ্টা চালায় দুই সন্ত্রাসী। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। এরই মধ্যে তারা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে—এমন তথ্যও ছড়িয়ে পড়েছে।

বর্তমানে হাদির অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ জাবের বাদী হয়ে রোববার রাতে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ফয়সাল করিম মাসুদসহ অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করা হয়েছে। পরবর্তীতে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।